রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
পরিবেশের ভারসাম্য রক্ষা ও বিলুপ্তপ্রায় দেশীয় বৃক্ষ সংরক্ষণের লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মানবিক সংগঠন আল-হাসানা যুব উন্নয়ন ফাউন্ডেশন।
কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্কুল, মাদ্রাসা, মসজিদ, কবরস্থানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও উন্মুক্ত স্থানে নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা এসব চারা রোপণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিলুপ্তির পথে থাকা দেশীয় প্রজাতির গাছকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর মধ্যে জাতি নিম, আমলকি, জাম, কাঠবেল, বট ও পেয়ারা গাছসহ বিভিন্ন দেশীয় বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।
আয়োজকরা জানান, নির্বিচারে বৃক্ষ নিধন ও পরিবেশের নানা বিরূপ প্রভাবের কারণে অনেক দেশীয় গাছের অস্তিত্ব আজ হুমকির মুখে। এসব গাছ রক্ষার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশীয় বৃক্ষের অস্তিত্ব টিকিয়ে রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আল-হাসানা যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি তোজাম্মেল হক বাবু ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সদস্য ও স্বেচ্ছাসেবীরা কর্মসূচিতে অংশ নেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সুরক্ষা, বৃক্ষ সংরক্ষণ ও মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।