শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে কুড়িগ্রামের কৃতিসন্তান অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদের দায়িত্ব পাওয়ার খবরে কুড়িগ্রামে আনন্দ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে জেলা বিএনপির কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদের দায়িত্ব পাওয়ার খবরে কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাস।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের সবুজপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন জেলা বিএনপি কার্যালয় থেকে বের করা হয় বিশাল আনন্দ মিছিল।
মিছিলটি ঘোষপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার, পৌর বাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কুড়িগ্রাম কলেজ মোড়ে গিয়ে পথসভায় মিলিত হন নেতাকর্মীরা।
অপরদিকে, শুক্রবার জুমার নামাজ শেষে কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবীর কেন্দ্রীয় বাসস্ট্যান্ড জামে মসজিদে বিএনপির নবাগত ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন। দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দোয়া মাহফিলে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন খতিব হাফেজ হেলাল মিয়া।
পথসভায় বক্তব্য দেন-জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ জেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

এ সময় রুহুল কবীর রিজভীর মতো কুড়িগ্রামের সন্তান বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে আসায় এটিকে জেলার মানুষের জন্য গৌরবের বিষয় বলে মন্তব্য করেন নেতাকর্মীরা।
আনন্দ মিছিলে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
নেতাকর্মীরা রিজভী আহমেদের নতুন দায়িত্বকে স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করেন এবং কুড়িগ্রামের সন্তান হিসেবে তার এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এদিকে, কুড়িগ্রামের সন্তান রুহুল কবীর রিজভী আহমেদের বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে আসায় জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উৎসাহ তৈরি হয়েছে।