রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন দলের দীর্ঘদিনের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। শনিবার (১৫ আগস্ট) দলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্থায়ী কমিটিতে রিজভীর অন্তর্ভুক্তিকে বিএনপির সাংগঠনিক ও নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ রাজনৈতিক পথচলায় মাঠের আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কর্মকাণ্ড এবং দলীয় অবস্থান তুলে ধরায় সক্রিয় ভূমিকা রাখা রিজভী এবার সরাসরি দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে যুক্ত হলেন।
রুহুল কবির রিজভী এতদিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি দলের যুগ্ম মহাসচিব ছিলেন। ছাত্রজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি নির্বাচিত হন তিনি। পরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্বও পালন করেন। বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার পাশাপাশি দলীয় বক্তব্য গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রেও তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
রিজভীর সঙ্গে নতুন করে স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. আমানউল্লাহ আমান, ডা. ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহ।
অমানউল্লাহ আমান ‘৯০-এর স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের অন্যতম পরিচিত ছাত্রনেতা। তিনি ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন।
ডা. ফরহাদ হালিম ডোনার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। পেশাজীবীদের সংগঠিত করার ক্ষেত্রে তার ভূমিকা রয়েছে। তিনি বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (বিএমএসআরআই) চেয়ারম্যান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়কও।
অন্যদিকে মো. ইসমাইল জবিউল্লাহও এতদিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বর্তমানে সরকারের জনপ্রশাসন উপদেষ্টা পদে রয়েছেন।
দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন অন্তর্ভুক্ত নেতারা তাদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে সুচিন্তিত পরামর্শ দেবেন। একই সঙ্গে দল ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তারা কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করছে বিএনপি।
সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটিতে কয়েকটি পদ শূন্য হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি প্রার্থী মনোনীত হওয়ায় মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেন। এছাড়া সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন আহমেদ মারা যাওয়ায় আরেকটি পদ শূন্য হয়। অসুস্থতার কারণে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া নিয়মিত স্থায়ী কমিটির বৈঠকে অংশ নিতে পারছেন না। মাহবুবুর রহমানও দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয়।
এই প্রেক্ষাপটে স্থায়ী কমিটিতে রিজভী আহমেদসহ চার নেতার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বিএনপির নীতিনির্ধারণী ফোরামে নতুন সমীকরণ তৈরি হলো।