বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
কুড়িগ্রামে ভারি বৃষ্টিপাতে সরকারি দপ্তরগুলোতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রথম শ্রেনির পৌরসভা হলেও জলাবদ্ধতা নিরসনে নেই তেমন কোন উদ্যোগ। এতে ভোগান্তিতে পড়েছে পথচারী ও যানবাহন।
৫ আগস্ট (বুধবার) ভোর থেকে শুরু হয় ভারি বৃষ্টিপাত। সকাল ১০টা পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানিবন্দি হয়ে পড়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয় এবং সদর খাদ্য গুদাম। এছাড়াও হাসপাতাল সড়কে জলাবদ্ধতার তৈরি হয়। এতে ভোগান্তি বেড়েছে পথচারীদের।
কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, “গেল রাতে ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ২৪ ঘন্টা এমন বৈরি আবহাওয়া অব্যাহত থাকবে।”
এদিকে, ভারি বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের বৃহৎ ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে তিস্তা নদীর পানি গত ৬ ঘন্টায় ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার মাত্র ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, “আাগামী ২৪ ঘন্টায় জেলার নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হবে। চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।”