শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধের সমাধান—একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসী”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আমীর আজিজুর রহমান স্বপন সরকার এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথি সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের’জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদকের সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পরে তিনি উপস্থিত সকলকে মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার শপথবাক্য পাঠ করান।
জেলা আমীর আজিজুর রহমান স্বপন সরকার ও ওসি আজিম উদ্দিন তাদের বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলেও তারা আশ্বাস দেন।
মানববন্ধনে অংশ নেওয়া সোনাহাট ইউনিয়নের যুব সমাজ ঘোষণা দেয়, “মাদকের বিরুদ্ধে আমরা সম্পূর্ণ প্রস্তুত। যেকোনো সময়, যেকোনো স্থানে মাদক প্রতিরোধে আমাদের টিম কাজ করবে।”
তারা আরও জানান, সমাজ থেকে মাদক সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত তাদের সচেতনতামূলক কার্যক্রম ও সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে। একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও মাদকমুক্ত সোনাহাট ইউনিয়ন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।