শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

শিরোনাম
কুড়িগ্রামের ফুলবাড়িতে এনসিপির বিক্ষোভ মিছিলে যুবদল-ছাত্রদলের হামলা, পুলিশসহ আহত-২০ কুড়িগ্রামে ধরলা নদীর তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভয়াবহ ধস গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর রৌমারীতে ভারতীয় গরুর নিলাম ঘিরে বিএনপি-জামায়াতের সংঘর্ষ নিষিদ্ধ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা কমিটি ঘোষণা সোনাহাটে মাদকবিরোধী বিশাল মানববন্ধন, মাদক নির্মূলে শপথ নাগেশ্বরীতে এসআইকে ঘিরে বাদী-বিবাদীর পাল্টাপাল্টি মানববন্ধন রাষ্ট্রপতির অনুমোদনে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. নূর মহল আখতার বানু উলিপুরে পরিবেশ সুরক্ষা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারে সচেতনতামূলক কর্মসূচি কুড়িগ্রামে ৭ দিন বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কা লোডশেডিং নিয়ে জিটুজি’র বিবৃতি

ফুলবাড়ীতে পুরনো প্রশ্নে এইচএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবসহ ৫ জনকে অব্যাহতি

Reporter Name / ৩১ Time View
Update Time : শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুরনো প্রশ্নপত্র দিয়ে এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব ও অধ্যক্ষকে অব্যাহতি দিয়ে শোকজ করা হয়েছে। একই ঘটনায় দুই কক্ষ পরিদর্শক ও প্রশাসনের মনোনীত দুই ইনভিজিলেটর (ট্যাগ অফিসার)কেও পরীক্ষার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরে ভুক্তভোগী ১৬ শিক্ষার্থীর পরীক্ষা পুনরায় নেওয়া হয়েছে অতিরিক্ত ৩০ মিনিট সময় দিয়ে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজে। এ ঘটনায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা গেছে, ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের পরীক্ষা কেন্দ্রে উপজেলার পাঁচটি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। গত ১৯ জুলাই ওই কেন্দ্রে ইসলামের ইতিহাস, ইতিহাস, ব্যবস্থাপনা ও পদার্থবিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় ৮ নম্বর কক্ষে ইতিহাস বিভাগের ১৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিলেন। তাদের মধ্যে ১৬ জন চলতি বছরের পরীক্ষার্থী এবং দুজন পুরনো পরীক্ষার্থী ছিলেন।
পরীক্ষা শুরুর পর ইতিহাস বিভাগের পরীক্ষার্থীদের হাতে ভুল করে ২০২৫ সালের পুরনো প্রশ্নপত্র তুলে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। বিষয় কোড ৩০৪-এর পরীক্ষায় এমন প্রশ্নপত্র পেয়ে পরীক্ষার্থীরা আপত্তি জানান। একপর্যায়ে তারা পরীক্ষা না দেওয়ার ঘোষণা দিলে কেন্দ্রে উত্তেজনা সৃষ্টি হয়। পরে সংশ্লিষ্টরা পুনরায় পরীক্ষা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
পরে কেন্দ্রের অন্য পরীক্ষার্থীদের পরীক্ষা শেষ হওয়ার পর ভুক্তভোগী ১৬ শিক্ষার্থীর জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় দিয়ে পুনরায় পরীক্ষা নেওয়া হয়। তবে পরীক্ষার্থীদের অভিযোগ, ভুল প্রশ্নপত্র দেওয়ার কারণে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার স্বাভাবিক পরিবেশ থেকে বঞ্চিত হন।
বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসন তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার কেন্দ্র সচিব ও ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওয়াদুদ আলীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন এবং তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেন।
এ ছাড়া কলেজটির প্রভাষক ও কক্ষ পরিদর্শক কুদ্দুস আলী ও আশিকা প্রেয়ারীকে পরীক্ষার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। প্রশাসনের মনোনীত ইনভিজিলেটর (ট্যাগ অফিসার) জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী হাসান আলী এবং সহকারী প্রোগ্রামার (আইসিটি) রফিকুল ইসলামকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসনের পক্ষ থেকে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে।
ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত কেন্দ্র সচিব আসাদুজ্জামান সরকার লিটু বলেন, ‘আমি ছুটিতে ছিলাম। শুনেছি ভুলবশত ইতিহাস বিভাগের নৈমিত্তিক পরীক্ষার্থীদের পুরনো প্রশ্ন দেওয়া হয়েছিল। পরে নিয়ম অনুযায়ী সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া হয়েছে।’
অধ্যক্ষ ওয়াদুদ আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শারীরিক সমস্যার কারণে আমি পরীক্ষাকেন্দ্র থেকে অব্যাহতি নিয়েছি।’ তবে পুরনো প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতার বলেন, ‘পরীক্ষা সংক্রান্ত বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করার পর পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দুইজন কক্ষ পরিদর্শক ও দুইজন ইনভিজিলেটরকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।’

এ ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্ন উঠেছে, একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায় পুরনো প্রশ্নপত্র কীভাবে পরীক্ষার্থীদের হাতে পৌঁছাল এবং কেন্দ্র পরিচালনায় দায়িত্বপ্রাপ্তদের নজরদারি কোথায় ছিল? সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার কারণে পরীক্ষার্থীদের যে ভোগান্তি ও মানসিক চাপের মধ্যে পড়তে হয়েছে, তার দায় নির্ধারণ করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *