বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, ঢাকা থেকে প্রাপ্ত এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৩০ জন অসচ্ছল ব্যক্তির প্রত্যেকের হাতে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শামছুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আমীর মো. আজিজুর রহমান সরকার (স্বপন), বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার আমীর মো. আনোয়ার হোসেন, উপজেলা শাখার সেক্রেটারি মো. ফেরদৌস হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সরকারের সমাজকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে অসচ্ছল ও দুস্থ মানুষের আর্থিক সহায়তা নিশ্চিত করতে এ ধরনের অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও প্রকৃত উপকারভোগীদের পাশে থেকে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, অনুদানপ্রাপ্ত ৩০ জনের মধ্যে ১২ জন পুরুষ এবং ১৮ জন নারী রয়েছেন।
ইউনিয়নভিত্তিক উপকারভোগীদের মধ্যে শিলখুড়ি ইউনিয়নের ১৫ জনের মধ্যে ৯ জন পুরুষ ও ৬ জন নারী, সোনাহাট ইউনিয়নের ৬ জনের সবাই নারী, তিলাই ইউনিয়নের ৬ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী এবং ভূরুঙ্গামারী ইউনিয়নের ৩ জনের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন।
অনুদানপ্রাপ্তরা সরকারের এই আর্থিক সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।