বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর পোস্ট, গ্রাফিক্স ও অপপ্রচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি এসব গুজব ও ভিত্তিহীন প্রচারণায় বিভ্রান্ত না হয়ে দলীয় শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার জন্য নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, সম্প্রতি ফেসবুকের কয়েকটি ভুয়া বা অননুমোদিত পেজ থেকে বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের দাবি তুলে বিভিন্ন পোস্টার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব প্রচারণার সঙ্গে জেলা বিএনপি বা দলের সাংগঠনিক সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই।
মোস্তাফিজার রহমান বলেন, “একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অপপ্রচার চালিয়ে নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং দলের সাংগঠনিক পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করছে। তাই যাচাই-বাছাই ছাড়া কোনো পোস্ট, ছবি বা তথ্য শেয়ার বা প্রচার না করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, দলীয় কমিটি, সাংগঠনিক সিদ্ধান্ত কিংবা অন্য যেকোনো বিষয়ে শুধুমাত্র দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং অনুমোদিত সূত্র থেকে প্রকাশিত তথ্যের ওপর নির্ভর করা উচিত।
বিবৃতিতে তিনি জানান, যারা পরিকল্পিতভাবে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালাচ্ছে, তাদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।
জেলা বিএনপির আহ্বায়ক বলেন, বিএনপি একটি বৃহৎ ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলীয় সাংগঠনিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের নিজস্ব ও নির্ধারিত প্রক্রিয়া রয়েছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত গুজব বা ভিত্তিহীন প্রচারণায় বিভ্রান্ত না হয়ে দলের শৃঙ্খলা, ঐক্য ও ভাবমূর্তি সমুন্নত রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, “অপপ্রচার নয়, সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলাই বিএনপির শক্তি।”