বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বদিজামাপুর এলাকায় ক্যান্সার আক্রান্ত এক রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবেদ আলী (৩৮) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার বদিজামাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার এক ক্যান্সার রোগীর চিকিৎসার ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা সংগ্রহের উদ্দেশ্যে কয়েকজনের সঙ্গে একটি বাড়িতে যান আবেদ আলী। সহায়তা সংগ্রহের কাজ চলাকালে বাড়ির আঙিনায় চার্জে সংযুক্ত অবস্থায় রাখা একটি ব্যাটারিচালিত অটোরিকশার গায়ে হেলান দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবেদ আলী উপজেলার বদিজামাপুর এলাকার মোস্তা রহমানের ছেলে। তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতার জন্য এলাকায় পরিচিত ছিলেন। স্থানীয়দের ভাষ্য, ক্যান্সার আক্রান্ত ওই রোগীর চিকিৎসার জন্য সহায়তা সংগ্রহ করতেই তিনি সেখানে গিয়েছিলেন।
খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল সম্পন্ন করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
একজন অসহায় রোগীর চিকিৎসার জন্য সহযোগিতা সংগ্রহ করতে গিয়ে নিজের প্রাণ হারানোর ঘটনায় এলাকায় ব্যাপক শোক ও বেদনার সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসী এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।