বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল ব্রাজিলের বিদায়ের হতাশা যেন সহ্যই করতে পারলেন না কুড়িগ্রামের এক সমর্থক। দলের পরাজয়ের পর হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আলমগীর হোসেন (৩৫)।
আলমগীর হোসেন কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা। রোববার (৫ জুলাই) গভীর রাতে অনুষ্ঠিত ম্যাচটি তিনি নিজ বাড়িতে বন্ধু ও স্থানীয় ব্রাজিল সমর্থকদের সঙ্গে উপভোগ করছিলেন।
স্থানীয়রা জানান, ম্যাচে ব্রাজিল পিছিয়ে পড়ার পর থেকেই তিনি বেশ মানসিক চাপে ছিলেন। শেষ বাঁশি বাজার পরপরই হঠাৎ তার বুকে তীব্র ব্যথা শুরু হয় এবং তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিসর্গ মেরাজ চৌধুরী জানান, বর্তমানে আলমগীর হোসেনের অবস্থা স্থিতিশীল এবং তিনি শঙ্কামুক্ত। তবে নিরাপত্তার স্বার্থে তাকে আরও কয়েক দিন হাসপাতালে রেখে পর্যবেক্ষণ করা হবে।
তিনি বলেন, খেলা দেখার সময় অতিরিক্ত আবেগ বা উত্তেজনা অনেক সময় হৃদরোগীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই বিশেষ করে যাদের আগে থেকেই হৃদরোগ রয়েছে, তাদের এমন পরিস্থিতিতে সতর্ক থাকা প্রয়োজন।