বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুকৃবি) সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম ‘সিন্ডিকেট’-এর সদস্য হিসেবে ২ জন মাননীয় সংসদ সদস্যকে মনোনয়ন প্রদান করেছেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার। মনোনীত সংসদ সদস্যরা হলেন— কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য জনাব আতিকুর রহমান মোজাহিদ এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য জনাব মো: রোকন উদ দৌলা বাবুল।
আজ ০১ জুলাই, ২০২৬ খ্রি. (১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতিমা আজরিন তন্বী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২১ এর ১৪(২)(খ) ধারা মোতাবেক এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) দপ্তরের ১৬ জুন, ২০২৬ খ্রি. তারিখের চিঠির প্রেক্ষিতে জাতীয় সংসদের মাননীয় স্পিকার এই ২ জন সংসদ সদস্যকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে এই মনোনয়ন প্রদান করেছেন।
অফিস আদেশের অনুলিপি ইতিমধ্যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, মাননীয় স্পিকার ও ডেপুটি স্পিকারের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।
নবমনোনীত সিন্ডিকেট সদস্যদের হাত ধরে উত্তরবঙ্গের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল এবং বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা ও স্থানীয় সুধীসমাজ।