শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম সদর উপজেলায় ২ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে কৃষি বিভাগ।
রোববার (২৮ জুন) সদর উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি। সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নাহিদা আফরিন।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। পাশাপাশি নির্বাচিত কয়েকজন কৃষকের মাঝে হাইব্রিড মরিচের বীজও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ইউএনও মো. ইসমাইল হোসেন বলেন, কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে বিভিন্ন ধরনের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি কৃষকদের বিতরণকৃত বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নাহিদা আফরিন জানান, উন্নত জাতের বীজ ও প্রয়োজনীয় সার কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিয়ে উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এ কর্মসূচির প্রধান উদ্দেশ্য। মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মকর্তারা কৃষকদের সার্বক্ষণিক কারিগরি পরামর্শ ও সহযোগিতা প্রদান করবেন বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহীন মিয়া, অতিরিক্ত কৃষি কর্মকর্তা দীপু রায়সহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।
প্রণোদনা পেয়ে কৃষকরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের সহায়তা নিয়মিত অব্যাহত থাকলে কৃষি উৎপাদন বাড়ার পাশাপাশি চাষাবাদের খরচও উল্লেখযোগ্যভাবে কমবে।