রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে আরও প্রাণবন্ত করতে কুড়িগ্রাম জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টরের উদ্বোধন করা হয়েছে। এর ফলে জেলার ফুটবলপ্রেমীরা একসঙ্গে বড় পর্দায় বিশ্বকাপের খেলা উপভোগ করার সুযোগ পাবেন।
রবিবার সন্ধ্যায় টাউন ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রজেক্টরটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ক্লাব চত্বরে ফুটবলপ্রেমী, ক্রীড়ামোদী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. মো. বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম আবু হানিফ বিপ্লব, জেলা যুবদলের সহ-সভাপতি মো. মাসুদ রানা বাবু, শ্রমিক দল নেতা রিজন সরকার এবং আজিজুল হক।
বক্তারা বলেন, বিশ্বকাপ ফুটবল শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, এটি বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের আবেগ ও উৎসবের অংশ। আধুনিক ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় খেলা দেখার এই উদ্যোগ কুড়িগ্রামের ফুটবলপ্রেমীদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে। একই সঙ্গে এটি তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সামাজিক বন্ধন ও সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপ ম্যাচ সম্প্রচারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় টাউন ক্লাবের সদস্যসহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
ক্লাব কর্তৃপক্ষ জানায়, বিশ্বকাপ চলাকালে প্রতিদিন গুরুত্বপূর্ণ ম্যাচগুলো বড় পর্দায় সম্প্রচার করা হবে। দর্শকদের জন্য বসার ব্যবস্থা, নিরাপত্তা এবং প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধাও নিশ্চিত করা হবে।
ফুটবলপ্রেমীদের মতে, এ উদ্যোগ বিশ্বকাপকে ঘিরে জেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং খেলা দেখার আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে তুলবে।