বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
কুড়িগ্রামে শুরু হতে যাচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। আগামী ১ অক্টোবর, বৃহস্পতিবার দুপুর ২.৩০ টায় কুড়িগ্রাম স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু-এর আহ্বানে এবং জেলা ক্রীড়া সংস্থা, কুড়িগ্রাম-এর আয়োজনে অনুষ্ঠিত হবে এবারের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে কুড়িগ্রাম স্টেডিয়ামে ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশের প্রত্যাশা করা হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করা হয়েছে।