বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
কুড়িগ্রামে ঘোষপাড়া ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত ছয় সদস্যের আহ্বায়ক কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ঘোষপাড়া এলাকার ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টায় ঘোষপাড়া ব্যবসায়ী মালিক সমিতির সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়কসহ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা নতুন কমিটির নেতৃত্বে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ বজায় রাখতে উদ্যোগ নেওয়া হবে।
তারা আরও বলেন, ঘোষপাড়া এলাকার ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং ব্যবসায়ীদের ন্যায্য অধিকার ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সমন্বিতভাবে কাজ করবে নতুন আহ্বায়ক কমিটি।
সংবর্ধনা অনুষ্ঠানে ঘোষপাড়া ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক খাদেমুল ইসলাম সর্দার এবং সদস্য এস এম সোহেল ইসলাম রাতিন, মো. আব্দুল আলিম, বিমল চন্দ্র মোহন্ত, আলহাজ্ব এনায়েত পারভেজ ও রাশিদুল ইসলাম রাশেদসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।