বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
কুড়িগ্রামে নতুন প্রজন্মের প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করার লক্ষ্যে শুরু হয়েছে ‘রেনেসাঁ ক্লাব আয়োজিত ক্ষুদে ফুটবলার অন্বেষণ চ্যালেঞ্জ কাপ ফুটবল লীগ ২০২৬’ সিজন-১। উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করা হয়েছে
রোববার (২০ সেপ্টেম্বর) কুড়িগ্রাম শহরের চামড়াগোলা এলাকার এম.এ সাত্তার স্কুল মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন- কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো. সোহেল হোসনাইন কায়কোবাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. হাসিবুর রহমান হাসিব।
রেনেসাঁ ক্লাব কুড়িগ্রামের সভাপতি ও কুড়িগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-ক্লাবের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
ক্ষুদে ফুটবলার অন্বেষণের এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা ও রেনেসাঁ ক্লাব কুড়িগ্রামের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর খালেক ময়না। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন রেনেসাঁ ক্লাব কুড়িগ্রামের সহ-সভাপতি মো. মশিউর রহমান রয়েল।
আয়োজকরা জানান, কুড়িগ্রামের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় ক্ষুদে ফুটবলারদের খুঁজে বের করে তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। প্রতিযোগিতার মধ্য দিয়ে শিশু-কিশোরদের ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের দক্ষ খেলোয়াড় তৈরির পথ সুগম হবে বলে আশা করছেন তারা।
আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। তাদের প্রত্যাশা, নিয়মিত এমন আয়োজনের মাধ্যমে কুড়িগ্রাম থেকে জাতীয় পর্যায়ে উঠে আসবে নতুন প্রজন্মের প্রতিভাবান ফুটবলার।