বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
কুড়িগ্রামে কলেজ শিক্ষার্থী বিজয় হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা।
রোববার (৬ সেপ্টেম্বর) জেলার নাগেশ্বরী উপজেলার দক্ষিণ ব্যাপারীরহাট এলাকায় কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেন বিজয়ের কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং শত শত স্থানীয় মানুষ। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়ে যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত বিজয়ের বাবা রফিকুল ইসলাম, সহোদর সাব্বির আহমেদ ও স্থানীয় ইউপি সদস্য শাহজালাল সাজুসহ অনেকে। এ সময় বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, গত রোববার (২৩ আগস্ট) সকালে নাগেশ্বরী উপজেলার দক্ষিণ ব্যাপারীরহাট এলাকার হাসনাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিদলিয়ারপাড়ের একটি ডোবা থেকে বিজয়ের মরদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়।
নিহতের পরিবারের অভিযোগ, মামলা হওয়ার পরও হত্যাকাণ্ডে জড়িতরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাদের রহস্যজনক কারণে গ্রেপ্তার করছে না। এ অবস্থায় দ্রুত আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সড়কে নামতে বাধ্য হয়েছেন তারা।
বিক্ষোভকারীরা বলেন, বিজয় হত্যার সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।